‘সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই’, ভারত-চীন-যুক্তরাষ্ট্রকে নেপালের বার্তা
ছবি: এএফপি
ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসের পর জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, এটি কোনো দয়া বা সাহায্যের বিষয় নয়, বরং নৈতিক ও আইনি দায়।
সম্প্রতি ভটেকোশি নদীর অববাহিকায় পাহাড়ি হড়পা বান ও হিমবাহ ধসে ভয়াবহ বিপর্যয় ঘটে। এতে এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ।
শিশির খানাল বলেন, জলবায়ু পরিবর্তনে নেপালের ভূমিকা সামান্য হলেও বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে। এর প্রভাবেই বাড়ছে এ ধরনের দুর্যোগ।
নেপাল এখন আন্তর্জাতিক সহায়তার বদলে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জোরালো করবে। এ ক্ষেত্রে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতকে ঐতিহাসিকভাবে বড় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশ হিসেবে দায়ী করছে কাঠমান্ডু।
নেপালের অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে আন্তর্জাতিক অংশীদারদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে চিঠি দিয়েছে। একই সঙ্গে ক্ষতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল থেকেও জরুরি সহায়তা চাওয়া হয়েছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বলেন, "হিমালয়ের হিমবাহগুলো বিলীন হলে গঙ্গা ও ত্রিশূলীর মতো নদীর ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের পানির নিরাপত্তা হুমকিতে পড়বে।"
