চীনে বিয়ের নামে প্রতারণা, মানবপাচারের ঝুঁকিতে নারীরা
চীনে বিয়ের জন্য বিদেশি কনে খোঁজার প্রবণতা ঘিরে মানবপাচার ও প্রতারণার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি মাদাগাস্কার ও মালাউইয়ে এমন কয়েকটি ঘটনায় চীনা নাগরিক ও স্থানীয় নারীদের জড়িয়ে পড়ার তথ্য সামনে এসেছে।
গত মাসে মাদাগাস্কারের ইভাতো আন্তর্জাতিক বিমানবন্দরে এক তরুণীকে আটক করে পুলিশ। চীনে গিয়ে এক চীনা পুরুষকে বিয়ে করলে তাকে ১০ মিলিয়ন আরিয়ারি (প্রায় ২ হাজার ৩০০ ডলার) দেওয়ার কথা ছিলো। তদন্তে পুলিশ চারজনকে আটক করে এবং ভুয়া সিল, নথিপত্র ও ১০টি মালাগাসি পাসপোর্ট উদ্ধার করে। পুলিশের ধারণা, চক্রটির মাধ্যমে এরই মধ্যে আরও কয়েকজন নারী চীনে গেছেন।
গবেষকদের মতে, চীনের কিছু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পুরুষের বিয়েতে সমস্যার সুযোগ নিচ্ছে এসব মধ্যস্থতাকারী। বিদেশি স্ত্রী এনে দেওয়ার কথা বলে তারা মোটা অঙ্কের অর্থ নিচ্ছে। তবে এ ধরনের ব্যবস্থায় নারীরা প্রতারণা, জোরপূর্বক বিয়ে ও মানবপাচারের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
মালাউইয়ে চীনা দূতাবাসও নাগরিকদের ‘স্ত্রী কেনা’র বিজ্ঞাপনে বিশ্বাস না করার সতর্কতা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের লেনদেন মানবপাচার, চাঁদাবাজি ও নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
/শান্ত/
