মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুরের লেবুহ পুডু ও কোতারায়া বাংলা মার্কেট এলাকায় মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশিকে আটক করা হয়েছে। অভিযানে তল্লাশি করা হয় প্রায় ২ হাজার ৫০০ বিদেশিকে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিদেশিদের উপস্থিতি ও সন্দেহজনক অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে অভিযান শুরু করে দেশটির অভিবাসন বিভাগ। আটক ৪৭২ জনের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৬২ বছর।
আটকদের মধ্যে বাংলাদেশের ৩৬৪ জন ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে এবং ভারতীয় ৬ জন রয়েছেন। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
কুয়ালালামপুর আঞ্চলিক অভিবাসন পরিচালক দাতুক হামশা ইঞ্জাউ জানান, বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
/শান্ত/
