৩ শতাংশ বেড়ে তেলের দাম ১০৮ ডলার, বাংলাদেশে প্রভাব কতটা
হরমুজ প্রণালি বন্ধের পর বাব আল-মান্দেব হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে নতুন করে তেলের দাম বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার ২১ সেন্ট বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৭ ডলার ৮২ সেন্টে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ ডলার ১৭ সেন্ট বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৩ ডলার ২২ সেন্ট হয়েছে।
সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতিরা নতুন হামলা করেছে। উপসাগরের জাহাজে ইরান হামলা করেছে। এসব ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। হুতিদের হামলার জেরে সৌদি আরবের এক তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশসহ তেল আমদানিকারক দেশগুলোর ব্যয় বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ থেকে শুরু করে পরিবহন ব্যয় সবকিছুর দাম বেড়ে যায়। তাতে মূল্যস্ফীতির হারও বেড়ে যায়।
ঢাকা চেম্বারের এক হিসাবে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার বৃদ্ধি পেলে বাংলাদেশের মাসিক আমদানি ব্যয় ৭ থেকে ৮ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। ফলে সারা বছর এই ১০ ডলার বাড়তি দামে তেল কিনতে হলে বছরে প্রায় ৯৬ কোটি ডলার বাড়তি ব্যয় হবে সরকারের।
// ইমরান//
