ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংককে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা দেয়। ইরানের নিষেধাজ্ঞা এড়ানোর কাজে ব্যাংকটি জড়িত ছিলো বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা বিদেশি প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ভিটিবি ব্যাংক এরই মধ্যে রাশিয়া-সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। গত আগস্টে মার্কিন ট্রেজারি বিভাগ ব্যাংকটির সঙ্গে ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের যোগাযোগের তথ্য প্রকাশ করে। ট্রেজারি বিভাগ জানায়, ওই নেটওয়ার্কের একজন সদস্য মুদ্রা রূপান্তরের কাজে ভিটিবি ব্যাংকের সঙ্গে সমন্বয় করেছিলেন।
সোমবারের নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। এর আগে, গত ২৪ আগস্ট ইরানের বিরুদ্ধে এই অভিযান শুরু করে মার্কিন ট্রেজারি বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অভিযানের লক্ষ্য ইরানের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার ওপর চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা এড়ানোর পথ বন্ধ করা।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, ইরানের অবশিষ্ট অর্থনৈতিক ও আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করাই এই অভিযানের লক্ষ্য।
//রুশা//
