সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই বিস্ফোরণের পর এলাকাটিতে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। হঠাৎ এমন পরিস্থিতিতে পুরো রিয়াদ শহরজুড়ে জরুরি সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-কে স্থানীয় কিছু অধিবাসী জানান, শনিবার সকালে বিমানবন্দর এলাকা থেকে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এর পরপরই আকাশে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী প্রত্যক্ষ করেন বাসিন্দারা।
বিমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, ঘটনার পর কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় ব্যাপক জটিলতার সৃষ্টি হয়। সেখানে সূচকে রেকর্ড ভেঙে উড্ডয়ন বিঘ্নতার মাত্রা সর্বোচ্চ ৫.০ নির্ধারণ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু ফ্লাইট বাতিল ও কয়েকটির সময়সূচি পরিবর্তন করা হয়।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে সম্ভাব্য শত্রুপক্ষের বিমান আক্রমণের শঙ্কায় রিয়াদজুড়ে জরুরি সতর্কবার্তা দেয় সিভিল ডিফেন্স। সাধারণ নাগরিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘরে অবস্থান করতে বলা হয়।
//আইই//
