ইমরান খানের আরও দুই বোন আটক
সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করেছে পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) জননিরাপত্তা ক্ষুণ্ণ করার অভিযোগে তাঁদের এই আটকাদেশ দেওয়া হয়। এর আগে ইমরানের আরও এক বোন আলিমা খানকেও একইভাব আটক করা হয়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা কেন্দ্র করে তাঁদের নেতাকর্মী ও স্বজনদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরপাকড় চালানো হচ্ছে।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত দুই বোনের বিরুদ্ধে ৯ মে-এর সহিংসতায় উস্কানি ও আইনশৃঙ্খলা অবনতির চেষ্টার অভিযোগ রয়েছে। তবে ইমরানের পরিবার ও তাঁর রাজনৈতিক দল এই পদক্ষেপকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করেছে।
ইমরান খানের নিঃশর্ত মুক্তি ও সংবিধানের প্রাধান্যের দাবিতে পিটিআই আন্দোলন জোরদার করার কথা বললেও সরকার তা যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, কোনো দলেরই রাজধানীর সড়ক, মহাসড়ক, টোল প্লাজা ও সরকারি ভবন দখল করার আইনগত অধিকার নেই।
