২ বছর পর সেলিম খান ও তার ছেলের লাশ তোলার নির্দেশ
চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। দাফনের ২ বছর পর ময়নাতদন্ত করার জন্য সম্প্রতি আদালত এই আদেশ দেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের নির্দেশনার পর লাশ দু’টি কবর থেকে তোলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যে আবেদন মঞ্জুর করেছেন। কবে নাগাদ লাশ দুটি তোলা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন সেলিম। তার ছেলে শান্ত খান একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করেন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। জনতার পিটুনিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করে। ওই মামলার প্রেক্ষিতেই সম্প্রতি আদালত কবর থেকে লাশ দু’টি তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
// ইমরান//
