অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল
বৈধ পাসপোর্ট, ভিসা/এন্ট্রি পারমিশন ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক ৩ নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির পাশাপাশি পুলিশের এডিশনাল আইজিপিকে ৭ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৩ নারীর করা এক রিট শুনানি শেষে বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল ও অন্তবর্তীকালীন নির্দেশনা দেন। আদেশে পরবর্তী বিদেশযাত্রায় আবেদনকারীদের বাধা না দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিটে অভিযোগ করা হয়, আবেদনকারীদের বিদেশযাত্রায় কোনো আদালতের নিষেধাজ্ঞা বা অন্য কোনো আইনগত প্রতিবন্ধকতা ছিলো না। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকার পরও তাদের বিমানবন্দর থেকে যেতে দেওয়া হয়নি।
এই ধরনের আচরণ সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সমতা ও লিঙ্গ বৈষম্যবিরোধী নিশ্চয়তা, ৩১ ও ৩২ অনুচ্ছেদের আইনের আশ্রয় ও ব্যক্তিস্বাধীনতা এবং ৩৬ অনুচ্ছেদের চলাফেরার স্বাধীনতার ওপর প্রশ্ন উত্থাপন করে।
// ইমরান//
