হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এই রাষ্ট্রপক্ষের পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আবেদন জানানো হয়। মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ৪ আসামিই পলাতক।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মামলার যুক্তিতর্ক আগেই শেষ হয়েছিলো। পরে অতিরিক্ত তথ্য-প্রমাণ ও সম্পূরক নথি দাখিল করায় পুনরায় যুক্তিতর্কের প্রয়োজন হয়। রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই-আগস্টের আন্দোলন দমনে হানিফ রাজনৈতিকভাবে সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
মামলায় হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে ৩টি অভিযোগ রয়েছে। এরমধ্যে আন্দোলন দমনে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ব্যবহারের সিদ্ধান্তে সমর্থন, ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠকে হামলা ও হত্যার নির্দেশ এবং ষড়যন্ত্র, এবং আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের যুক্তি শেষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে ১০ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিলো। পরে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত নথি দাখিল করায় পুনরায় যুক্তিতর্কের সুযোগ তৈরি হয়।
/শান্ত/
