চিকিৎসকদের পদোন্নতির আবেদনের সময় বাড়লো
চিকিৎসকদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ ও আবেদনের সময় বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসকরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
চিকিৎসকদের ডিপিসির মাধ্যমে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক গ্রেডেশন তালিকা তৈরির লক্ষ্যে এইচআরআইএস প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। এর মধ্যে বিসিএস ব্যাচ ও নিয়োগের তথ্য, শিক্ষাগত ও বিএমডিসি নিবন্ধন, পদায়ন, পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষা, প্রকাশনা এবং পরবর্তী পদোন্নতির তথ্য রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের পর দাখিল করা আবেদন বা হালনাগাদ তথ্যে ত্রুটি থাকলে তা বাতিল বলে গণ্য হবে। ভুল তথ্য দিলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
