ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তি। একই সময়ে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। এই সময়ে মারা গেছেন ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। বছরের শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মে মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৪৩ জন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৪৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১২৮ জনের।
/শান্ত/
