হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ শিশু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। একই সময়ে হাম উপসর্গে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছিলো। ওই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৪১ জন।
গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪২ জন। এই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৩০৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯৮ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
// ইমরান//
