অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি
চা কিংবা কফি—দিন শুরুর অন্যতম পরিচিত সঙ্গী। তবে পছন্দের এই পানীয় অতিরিক্ত গরম অবস্থায় নিয়মিত পান করলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। গবেষণায় দেখা গেছে, খুব গরম পানীয় পান করার সঙ্গে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক রয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সার’-এ প্রকাশিত হয়েছে। এতে ৬৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার পানীয়কে ‘খুব গরম’ হিসেবে ধরা হয়েছে। প্রায় ৯ লাখ ৭৭ হাজার মানুষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দিনে ছয়বার বা তার বেশি গরম পানীয় পানকারীদের মধ্যে এ ঝুঁকির সম্পর্ক রয়েছে।
অতিরিক্ত গরম তরল খাদ্যনালীর ভেতরের কোষের আস্তরণে ক্ষতি ও প্রদাহ তৈরি করতে পারে। দুধ মেশালেও পানীয় অতিরিক্ত গরম থাকলে ঝুঁকি এড়ানো যায় না। তাই চা-কফি পান করার আগে কয়েক মিনিট অপেক্ষা করে আরামদায়ক তাপমাত্রায় নামিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধান গবেষক ড. কেরেন পাপিয়ের জানান, দক্ষিণ আমেরিকায় ‘মাটে’ নামের অত্যন্ত গরম ভেষজ পানীয় পানকারীদের মধ্যেও গরম পানীয় ও খাদ্যনালীর ক্যান্সারের মধ্যে একই ধরনের সম্পর্ক আগে দেখা গেছে। তবে পানীয়ের ঠিক কোন তাপমাত্রা থেকে ঝুঁকি বাড়তে শুরু করে, তা নির্দিষ্ট করতে আরও গবেষণা প্রয়োজন।
ক্যান্সার রিসার্চ ইউকের ফিওনা ওসগুন বলেন, এই ক্যান্সারের ঝুঁকি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ধূমপান না করা এবং অ্যালকোহল গ্রহণ কমিয়ে আনা। তথ্যসূত্র: বিবিসি
//রুশা//
