সুপেয় পানি প্রকল্পে অনিয়মের তথ্য পেলো দুদক
বান্দরবানে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের কাজে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার এবং টিউবওয়েল স্থাপনের একই ছবি বারবার ব্যবহারের তথ্যও পেয়েছে সংস্থাটি।
রবিবার (২০ সেপ্টেম্বর) বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়ে প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন নথি জব্দ করে দুদকের কক্সবাজার কার্যালয়ের এনফোর্সমেন্ট দল। পরে কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় প্রকল্পের কয়েকটি কাজ সরেজমিন পরিদর্শন করা হয়।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযানের নেতৃত্ব দেওয়া আবদুল আল নোমান বলেন, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত ও চলমান প্রকল্পগুলোর অনিয়ম যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
৪৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায়। নিরাপদ পানি সরবরাহের আওতা ৬৩ শতাংশ থেকে ৭৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য থাকলেও তা বেড়েছে মাত্র ৪ শতাংশ।
অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের অনুমতি চেয়ে দুদকের কক্সবাজার কার্যালয় থেকে কমিশনে প্রতিবেদন পাঠানো হয়েছে।
/শান্ত/
