মাদক বিক্রির অভিযোগে বাড়ি ভাঙলেন স্থানীয়রা
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর করেছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সুরমান আলী, তার স্ত্রী ও ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে বাড়ি থেকে মাদক বিক্রি করে আসছেন। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করেন বলেও অভিযোগ রয়েছে। এই নিয়ে পরিবারটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিলো বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সুরমান আলী ঢাকায় থেকে স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। পাঁচ-ছয় বছর আগেও মাদক বিক্রির অভিযোগে তার বাড়ি ভাঙচুর করা হয়েছিলো।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও কয়েকজন বাসিন্দা বাড়িটিতে গেলে সুরমান আলী, তার স্ত্রী ও ছেলেকে পাওয়া যায়নি। পরে ক্ষুব্ধ লোকজন বাড়ির টিনের চাল ও বেড়ার কিছু অংশ ভেঙে ফেলেন। মাদক বিক্রি অব্যাহত রাখলে অভিযুক্তদের এলাকাছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয়।
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে। সুরমান আলী ঢাকায় থেকে স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা চালান বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
