তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা-গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তারা প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা ও সাদেকুল ইসলাম বক্তব্য দেন। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী।
/শান্ত/
