কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতেই আটক ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছয় ঘণ্টার অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ জেলার ১৮টি থানা এলাকায় অভিযান চালানো হয়। কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। আটক ২৫৪ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) বলেন, “পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কুমিল্লা জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়।”
তিনি আরও বলেন, “উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”
এর আগে গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছিলো। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিলো।
এবারের অভিযানে আটক ২৫৪ জনের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
//রুশা//
