রূপসায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনার রূপসায় বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাপ্পি রূপসার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে। জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বাপ্পির ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর জানান, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
/শান্ত/
