মসজিদসংলগ্ন কক্ষে ঝুলছিলো ইমামের মরদেহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখার পর মসজিদসংলগ্ন একটি কক্ষে শামীম মিয়া (২৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সোহান (২৪)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে মসজিদসংলগ্ন কক্ষ থেকে হট্টগোলের শব্দ শুনে তারা সেখানে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা ও শরীরে আঘাতের চিহ্ন ছিলো। স্থানীয়দের কাছে সোহান জানান, শামীম তাকে আঘাত করেছেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর শামীমের বাবা ফরিদ মিয়া ওই কক্ষে গিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শামীম ওই মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি স্থানীয় ফেকামারা আলিম মাদরাসায় পড়াশোনা করতেন। তিনি ও সোহান ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মধ্যে আগে কোনো বিরোধের কথা স্থানীয়রা জানেন না।
শামীমের পরিবারের দাবি, তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ ছিলেন না। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ করে সঠিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে শামীমের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহত সোহানের জবানবন্দি পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে।
/শান্ত/
