ঘুরতে বেরিয়ে বাসচাপায় ৩ বন্ধু নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী ছিলো।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলো। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও বাসের অন্য স্টাফরা পালিয়ে গেছেন।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
/শান্ত/
