মুরাদ বাহিনীর প্রধান গ্রেপ্তার
চট্টগ্রামে কিশোর গ্যাং, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদ বাকলিয়া এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি নিজের একটি বলয় তৈরি করেন। স্থানীয়ভাবে সেটি মুরাদ বাহিনী নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মো. মুরাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতেন মো. জসিম নামের এক ব্যক্তি। বছরখানেক আগে দু’জনের সম্পর্ক ভেঙে যায়। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় দু’জনের বিরোধ। সেই বিরোধের জেরে রবিবার রাতে নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোডে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। শোনা যায় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ।
// ইমরান//
