কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত, আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে-এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাদের মুচলেকায় পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই জন্য নিয়মিত কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
// ইমরান//
