প্রাথমিক শিক্ষক নিয়োগ: ময়মনসিংহে ২২ নিয়োগপ্রার্থীর অনশন
ময়মনসিংহে নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অনশন শুরু করেছেন ২২ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগপ্রার্থী। চূড়ান্ত নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
অনশনকারীদের থেকে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ময়মনসিংহ জেলায় মোট ২৫৯ প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে আরও দু’জনকে দেওয়া হলেও একই প্রক্রিয়ার ২২ প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি।
তাদের দাবি, দেশের অন্যান্য জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও ময়মনসিংহে তাদের ২২ জনের নিয়োগ স্থগিত রাখা হয়েছে। কেন তাদের নিয়োগ ঝুলিয়ে রাখা হয়েছে, সে বিষয়ে কার্যালয় থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই ২২ জনের নিয়োগ স্থগিত রাখা হয়েছে।
// ইমরান//
