মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো।
এই বিরোধ মীমাংসায় শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিশের উদ্যোগ নেন। সালিশ শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য তিনি ইমামনগর গ্রামে গিয়েছিলেন। গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রাখার মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
// ইমরান//
