হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসটি ওই এলাকায় পৌঁছালে ‘ন’ ও ‘ত’ নম্বর বগির সংযোগ হুক ভেঙে যায়।
বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ হুক মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে তিস্তা এক্সপ্রেস নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। একই সঙ্গে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
/শান্ত/
