সুন্দরবন ঘেঁষা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সংগৃহীত ছবি
সুন্দরবনের পরিবেশ সংকটাপন্ন এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্টের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মালিকদের লিখিত তাগিদ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর রশীদ এই আদেশ জারি করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবৈধভাবে পরিচালিত এই ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিকে ৩০ দিন এবং নতুন নির্মিত ৮টি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে নিজস্ব স্থাপনা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে আদেশ কার্যকর না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও নিয়মিত মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর রশীদ জানান, সুন্দরবন সংলগ্ন ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকার এই ১৮টি রিসোর্ট খুলনা জেলা কার্যালয়ের ভৌগোলিক অধিক্ষেত্রে পড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মোংলা এলাকার চিলা, বৈদ্যমারী ও চাঁদপাই বাগেরহাট জেলার অধীনে থাকায় সেগুলোর কোনো তথ্য তাদের হাতে নেই।
//আইই//
