ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা
ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে। এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদীপথে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স প্রস্তুতি নিয়েছে। নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে।
লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরার সঙ্গে জড়িত নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। জেলা মৎস্য অফিস জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের সহায়তা দিতে ভিজিএফের চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সময় ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, বাজারজাতকরণ ও মজুতও নিষিদ্ধ থাকবে।
/শান্ত/
