ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক পাচ্ছেন ৫ প্রার্থী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার (৭ অক্টোবর) বিএনপির প্রার্থী মো. ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এখন পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন। তাকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।
/শান্ত/
