নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরে মিললো শিশুর মরদেহ
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে ৩ বছরের শিশু হালিমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে এই ঘটনা ঘটে। হালিমা ওই গ্রামের নাছির উদ্দীনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলতে বের হয়েছিলো হালিমা। দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে শিশুটির বাবা নাছির উদ্দীন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।
খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশের একটি দল এলাকায় গিয়ে তল্লাশি চালায়। রাত ৯টার দিকে নিশ্চিন্তা গ্রামের এক প্রতিবেশীর ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে একই এলাকার রবিউল, আওয়াল ও আসমা নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মেয়েকে হারিয়ে শোকাহত বাবা নাছির উদ্দীন বলেন, সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মেয়ের মরদেহ উদ্ধার করে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ও তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন আমার বুকটা খালি করা হলো?’
/শান্ত/
