পদ্মা নদীতে বন্যা পরিস্থিতির উন্নতি
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বন্যার উন্নতি হয়েছে। পানি কমেছে ৬ সেন্টিমিটার। জেলার অপর ২ নদী মহানন্দা ও পুনর্ভবায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টা থেকে থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ৬ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে পাঙ্খা পয়েন্টে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৩০০ পরিবার পানিবন্দি। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। কেউ কেউ ঘরের ভেতর হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, আজকের পর থেকে পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে কমতে শুরু করবে। বড় ধরনের বন্যার শঙ্কা নেই।
// ইমরান//
