ইউটিউব দেখে পেয়ারা চাষে সফল নাঈমুর
ইউটিউব দেখে পেয়ারা চাষের ধারণা নিয়ে ৭ বিঘা জমিতে বাগান গড়ে সফলতার দেখা পেয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার কৃষি উদ্যোক্তা নাঈমুর ইসলাম। ২০২০ সালে চুয়াডাঙ্গা থেকে ২৫০০ চারা এনে শুরু করা সেই বাগান এখন তার আয়ের অন্যতম উৎস। পাশাপাশি তার সাফল্য দেখে স্থানীয় কৃষকরাও গোল্ডেন এইট পেয়ারা চাষে আগ্রহী হচ্ছেন।
বিরলের শহরগ্রাম ইউনিয়নের রতনৌর গ্রামের বাগানটিতে বর্তমানে সারি সারি গাছে ঝুলছে পাকা ও আধাপাকা পেয়ারা। এক বছর পর থেকেই বাগানে ফলন শুরু হয়। এখন ফল উৎপাদনের পাশাপাশি নিজেই চারা বিক্রি করছেন নাঈমুর।
নাঈমুর ইসলাম বলেন, কৃষিকাজের পাশাপাশি ইউটিউব দেখে পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন তিনি। পরে কৃষি অফিসের সহযোগিতায় চুয়াডাঙ্গা থেকে চারা এনে বাগান করেন। বর্তমানে তার বাগানের পেয়ারা প্রতি মণ ২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তার বাগানে কাজ করে অভিজ্ঞতা নিচ্ছেন স্থানীয় কয়েকজন তরুণ। তাদের কেউ কেউ ভবিষ্যতে নিজেদের জমিতে পেয়ারা বাগান করার পরিকল্পনা করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, নাঈমুরের উদ্যোগ দেখে এলাকায় গোল্ডেন এইট পেয়ারার বাণিজ্যিক চাষ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
/শান্ত/
