সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি চেয়ারম্যানের
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার বীরগাঁও ও ধলমৈশা গ্রামবাসীর মধ্যে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্টের মাধ্যমে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ নভেম্বর) সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ। আবেদনের অনুলিপি শান্তিগঞ্জ থানার ওসির কাছেও পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদকে অবগত না করেই আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণে খাই হাওরে নৌকাবাইচের উদ্যোগ নিয়েছেন একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন। ইউনিয়ন পরিষদকে এড়িয়ে এমন একটি বড় আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই অবিলম্বে নৌকাবাইচ বন্ধ করা না হলে গ্রামকেন্দ্রিক সংঘাত সৃষ্টি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, এই বিষয়ে উভয়পক্ষের কথা শুনব। এই ধরনের প্রোগ্রামে যদি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় তাহলে প্রোগ্রামের অনুমতি দেওয়ার সুযোগ নেই। নৌকাবাইচ একটি ঐতিহ্যবাহী বিষয়। তাই বিষয়টি নিয়ে আমরা কাজ করবো।
// ইমরান//
