আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৭
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ শুরু হলে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বের হতে গিয়ে কয়েকজন আহত হন।
বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত তিনটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। একটি বিস্ফোরিত সিলিন্ডার ছিটকে কারখানার সামনের টিনশেড দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা এক নারী নিহত হন।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে গ্যাসের গন্ধ থাকায় সিলিন্ডারগুলো গ্যাসমুক্ত করার কাজ চলছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতদের বিষয়ে আরও নিশ্চিত হতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
/শান্ত/
