গাজী নজরুলের এমপি পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবি’র
গাজী নজরুল ইসলাম।
নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলামের এমপি বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান জানায় সংস্থাটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তাই বলে, দলের বিপক্ষে ভোট না দেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব না হলেও সংসদ ও অন্যান্য সংসদ সদস্যদের জন্য মর্যাদাহানিকর এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তির সংসদ সদস্য পদ অব্যাহত থাকবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
গাজী নজরুল কাণ্ডকে সংসদ সদস্যদের নৈতিক স্খলনের ব্যতিক্রমী দৃষ্টান্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুঃখের বিষয়, সংসদ সদস্যদের নৈতিক স্খলনের তথ্য বিভিন্ন গবেষণা ও স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যনির্ভর। বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এর আগেও ধারাবাহিকভাবে প্রকাশিত ও আলোচিত হয়েছে। প্রতিকারে কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি।
// ইমরান//
