অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু
বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশটির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিলো, তাদেরকে পার্শ্ববর্তী (দেশ) রক্ষা করেছে। শুধু রক্ষা না, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’
তিনি আরও বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না। ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে উল্লেখ করে দুদু বলেন, এ জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যে ভাষণ দিয়েছেন, সারা বিশ্ব সেটা প্রশংসিত।’ একই সঙ্গে তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
//রুশা//
