হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে: তানভীর বারী হামিম
হাসনাত আবদুল্লাহর ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনা করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কর্মসূচিতে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহসহ আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।
স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম লেখেন, ‘হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিলো আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।’
তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের জীবনযাপনে বড়ো পরিবর্তন এসেছে। আগে যাদের পায়ে সাধারণ স্যান্ডেল ও হাতে সিম্ফনি মোবাইল ফোন দেখা যেতো, পরে তাদের দামি ব্র্যান্ডের জুতা ও আইফোন ব্যবহার করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া আগে ক্যাম্পাসে ফিনিক্স সাইকেলে চলাফেরা করলেও ৫ আগস্টের পর তাদের বিভিন্ন গাড়িতে দেখা গেছে—এমন দাবিও করেন হামিম।
স্ট্যাটাসে আরও দাবি করা হয়, ‘ভিক্ষা’ কর্মসূচির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কথিত ‘কালো টাকা’ সাদা করার চেষ্টা হতে পারে। এই কারণে কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে হামিমের এসব অভিযোগের পক্ষে তার পোস্টে কোনো নথি বা প্রমাণ উল্লেখ করা হয়নি।
এদিকে হাসনাত আবদুল্লাহ সোমবার ‘গণভিক্ষা কর্মসূচি’র ঘোষণা দিয়ে বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর কথা জানিয়েছিলেন।
//রুশা//
