ইজারা নিয়ে সংঘর্ষ, ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে
নেত্রকোণার পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, উচ্চ আদালতের দেওয়া ৮ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা বুধবার আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দিতে ১৯ মে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। ২০ মে নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান ও জামায়াত কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ওই দিন বিকালে হাট ইজারার বিরোধের জেরে জামায়াত নেতারা আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালান এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন।
// ইমরান//
