জিন্নাহ'র ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ঢাবি প্রশাসন
ডাকসুর সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমোদন ছাড়া স্মৃতিস্তম্ভ নির্মাণ, ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শন এবং শিক্ষকদের মূল্যায়নে পৃথক ওয়েবসাইট চালুর বিষয়গুলোকে বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের। তাই ডাকসু ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আগে সিন্ডিকেট বা উপাচার্যের অনুমোদন নেয়নি। প্রশাসনের দাবি, এ ধরনের স্থাপনা নির্মাণ ডাকসুর এখতিয়ারেও পড়ে না।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়েও আপত্তি জানিয়েছে প্রশাসন। ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি প্রদর্শন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।
/শান্ত/
