সংসদীয় কমিটিতে শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনা হলো
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগ চলমান রয়েছে। একই সঙ্গে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আগের বিভিন্ন পদ্ধতিগত দুর্বলতার কথা তুলে ধরে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্র যথাযথভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করেছে কমিটি।
/শান্ত/
