২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা চায় হাব
২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার বাইরে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে দেওয়া এক আবেদনে এই দাবি জানায় সংগঠনটি। আবেদনে অতিরিক্ত সচিব (হজ)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
হাব জানিয়েছে, ২০২৭ সালের জন্য সৌদি সরকার বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা দিয়েছে। এরই মধ্যে নির্ধারিত কোটা পূর্ণ হয়েছে। তবে আরও ২০ হাজারের বেশি মানুষ হজ পালনের জন্য নিবন্ধনের সুযোগের অপেক্ষায় রয়েছেন।
আবেদনে বলা হয়, এসব হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। তাই অপেক্ষমাণ হজযাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে হাব।
সংগঠনটি আরও জানায়, দীর্ঘদিন বাংলাদেশের হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তবে বিভিন্ন কারণে সাম্প্রতিক বছরগুলোতে হজযাত্রীর সংখ্যা কমে আসায় ২০২৭ সালের জন্য কোটা কমিয়ে ৭৮ হাজার ৫০০ করা হয়েছে।
হাবের দাবি, নির্ধারিত কোটা পূরণের পরও বিপুলসংখ্যক মানুষ হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। দ্রুত অতিরিক্ত কোটা বরাদ্দ করা হলে অপেক্ষমাণ হজযাত্রীরা ২০২৭ সালে হজ পালনের সুযোগ পাবেন।
/শান্ত/
