কিয়ামতের দিন প্রথম যাদের বিচার হবে
কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণির মানুষের বিচার হবে। তারা হলেন-শহীদ, আলেম বা কোরআনের কারি এবং দানশীল ব্যক্তি। তবে দুনিয়ায় ভালো কাজ করলেও নিয়ত সঠিক না থাকলে তাদের পরিণতি ভয়াবহ হবে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন প্রথমে একজন শহীদকে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামত স্মরণ করিয়ে দেবেন। এরপর তিনি জানতে চাইবেন, সে কীভাবে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। লোকটি বলবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে জিহাদ করে শহীদ হয়েছে। কিন্তু আল্লাহ বলবেন, সে মানুষের কাছে বীর হিসেবে পরিচিত হওয়ার জন্য যুদ্ধ করেছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এরপর এমন একজনকে হাজির করা হবে, যে ইলম শিখেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। সে আল্লাহর সন্তুষ্টির কথা বললেও আল্লাহ জানাবেন, সে আলেম ও কারি হিসেবে পরিচিত হওয়ার জন্য এসব করেছে। তাকেও জাহান্নামে পাঠানো হবে।
তৃতীয় ব্যক্তি হবেন ধনী ও দানশীল। তিনি বলবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করেছেন। কিন্তু আল্লাহ জানাবেন, তিনি দান করেছেন মানুষ যেন তাকে দানবীর বলে। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এই হাদিসের মূল শিক্ষা হলো, আমলের পাশাপাশি নিয়তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকদেখানো ইবাদত বা সুনাম অর্জনের উদ্দেশ্যে করা ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ১৯০৫
/শান্ত/
