ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সালমানের হিসাব, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেনের বিবরণীসহ তথ্য দিতে বলা হয়েছে।
বিএফআইইউর এই উদ্যোগের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেছেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’
পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’ ‘একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’
কয়েকদিন আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেন। এই ঘটনায় পুলিশ মামলা করেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
তবে সালমানের ব্যাংক হিসাব তলবের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের তথ্য চাওয়া সংস্থাটির নিয়মিত কাজের অংশ এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অপরাধ করেছেন—এমনটা বোঝায় না।
//রুশা//
