শিগগিরই আচার্যের নিয়োগ, জানালেন রাশেদ খাঁন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েও নিয়োগপত্র পাননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকায় তার নিয়োগ আটকে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বিষয়টি দ্রুত সমাধান করে তাকে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন জানান, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। দ্রুতই এর সমাধান হবে এবং মিশন শিগগির নিয়োগ পাবেন।
মিশন আচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, রাশেদ খাঁন তাকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি ঢাকায় গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও কথা হয়েছে।
মিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায়।
মিশনের দাবি, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে উপজেলা পর্যায়ে তিনি ১৭তম হন। সেখানে ১৮২ জনকে সুপারিশ করা হলেও নিয়োগপত্র দেওয়া হয়েছে ১৮০ জনকে। বাকি দুজনের একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং অন্যজন তিনি।
মিশন বলেন, তার স্থায়ী ঠিকানায় কোনো বসতভিটা নেই। বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ায় বাবার ঠিকানা থেকে তিনি বঞ্চিত হন। এরপর থেকে মায়ের সঙ্গে ঝিনাইদহে ভাড়া বাসায় থাকছেন। জন্মের পর থেকে কলাবাগান এলাকাতেই বসবাস করছেন বলেও দাবি করেন তিনি।
/শান্ত/
