সমালোচনার মুখে ফিফায় সংস্কারের উদ্যোগ নিচ্ছেন ইনফান্তিনো
সংগৃহীত ছবি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র পরিচালনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংস্থাটির কার্যক্রম নিয়ে সাম্প্রতিক নানামুখী বিতর্ক ও সমালোচনার পর এবার কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো। ফিফা কাউন্সিলের সদস্য এবং ২১১টি সদস্যসংস্থার সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই সংস্কারের কথা জানান।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের কাউন্সিল সভায় এ বিষয়ে জমা পড়া বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ইনফান্তিনো জানান, বড় ধরনের কৌশলগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ফিফা'র বর্তমান পরিচালন কাঠামো নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে কাউন্সিলের মতামতের পাশাপাশি কনফেডারেশন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বিত আলোচনার কথা বলেন তিনি। এই পর্যালোচনায় ফিফা সভাপতি, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের ভূমিকা এবং বড় সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
ইতোমধ্যে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্প নিয়ে বেশ চাপের মুখে ছিলেন ফিফা প্রধান। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির পথ রাখা ছিলো। তবে ফুটবলের বিভিন্ন পক্ষের তীব্র বিরোধিতার কারণে জুলাইয়ে সেই পরিকল্পনা প্রত্যাহার করা হয়।
চিঠিতে সেই প্রস্তাব নিয়ে নিজের মতামত তুলে ধরেন ইনফান্তিনো। তিনি লিখেন, "গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।" এই পরিকল্পনায় ফুটবল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হস্তান্তরের কোনো বিষয় ছিলো না বলে জানান তিনি। প্রস্তাবটি নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার আগেই বাইরে চলে আসায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছিলো। ফিফা'র মূল নীতি অক্ষুণ্ন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিলো না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।"
//আইই//
