কেন ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক?
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জাপানের বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে আম্পায়ারের একটি সিদ্ধান্ত।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৫ ওভারে। আগে ব্যাট করে ভারত ৪ উইকেটে ৩২ রান করে। জবাবে ৪.২ ওভারে জাপানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৭ রান। শেষ পর্যন্ত ৫ ওভারে ৩০ রান করতে পারে তারা।
অক্ষর প্যাটেলের করা ওভারের তৃতীয় বলে জাপানের আলেকজান্ডার শিরাই-প্যাটমোর রিভার্স সুইপের চেষ্টা করেন। বল লেগ সাইড দিয়ে বেরিয়ে গেলে আম্পায়ার ক্রিস ব্রাউন ওয়াইডের সংকেত দেন। পরে দুই আম্পায়ারের আলোচনার পর সেই সিদ্ধান্ত বদলে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটার রিভার্স সুইপ বা সুইচ হিটের চেষ্টা করলে উইকেটের দুই পাশই অফ সাইড হিসেবে বিবেচিত হয়। সে ক্ষেত্রে বাইরের স্টাম্প থেকে ৭৫ সেন্টিমিটারের বেশি দূরে না গেলে বল ওয়াইড হওয়ার কথা নয়।
২ রানে হারলেও জাপানের লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক কেন্ডেল কাদাওয়াকি-ফ্লেমিং। তার মতে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারাটাই জাপান ক্রিকেটের জন্য বিশেষ অর্জন।
/শান্ত/
