স্পেনের সঙ্গে নতুন চুক্তিতে ইতিহাস গড়লেন দে লা ফুয়েন্তে
সংগৃহীত ছবি
স্পেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ৬ বছর বাড়িয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত স্পেনের কোচের দায়িত্বে থাকবেন তিনি। এটি স্পেনের ফুটবল ইতিহাসে কোনো প্রধান কোচের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তির রেকর্ড। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদ্রিদে আরএফইএফ-এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
২০২২ সালের ৮ ডিসেম্বর লুইস এনরিকের বিদায়ের পর স্পেনের জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে। প্রথম মেয়াদে ২০২৪ ইউরো পর্যন্ত দায়িত্ব পেয়ে স্পেনকে ২০২৩ নেশনস লিগ ও ২০২৪ ইউরো শিরোপা জেতান তিনি। এরপর তাঁর সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর এই ৬৫ বছর বয়সী কোচের সাফল্য বিবেচনা করে আরও দীর্ঘমেয়াদি চুক্তির সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
নতুন এই চুক্তির ফলে আগামী ৩টি বড় টুর্নামেন্টে স্পেনের কোচের দায়িত্বে দেখা যাবে দে লা ফুয়েন্তেকে। টুর্নামেন্টগুলো হলো ২০২৮ ইউরো, ২০৩০ বিশ্বকাপ এবং ২০৩২ ইউরো। নতুন চুক্তিতে দে লা ফুয়েন্তের বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
জাতীয় দলের দায়িত্বে দে লা ফুয়েন্তের পরিসংখ্যান বেশ সাফল্যমণ্ডিত। স্পেনের কোচ হিসেবে এখন পর্যন্ত ৫০টি ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি। এর মধ্যে ৩৮টি ম্যাচেই জয় পেয়েছে দল, ড্র হয়েছে ১০টি ম্যাচ আর হার মাত্র ২টি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে স্পেনের টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার ইতিহাসও তাঁর অধীনেই অর্জিত হয়।
//আইই//
