বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন বিরাট কোহলি
সংগৃহীত ছবি
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন বিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, আগামী ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে দেশের হয়ে তাঁর শেষ টুর্নামেন্ট।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, "এবার খেলা হবে বিদেশের মাটিতে, যা শরীর ও মনের ওপর বড় ধরনের ধকল ফেলে। ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা। নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।"
পঞ্চাশ ওভারের ক্রিকেটের ধকল নিয়ে তিনি জানান, ওয়ানডে বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে অনেক বেশি। আজকাল টানা ১০টি ম্যাচে টি-টোয়েন্টির মতো গতি ও শক্তি ধরে রাখতে হয়, যা বড় চ্যালেঞ্জের বিষয়।
২০০৮ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া কোহলি ২০১১ সালে প্রথম বিশ্বকাপ খেলেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু করা সেই আসরের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে গুরুত্বপূর্ণ ৩৫ রান করেছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় ভারত।
এরপর ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় ভারত। পরবর্তীতে ২০১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিলো দল। সেবার টানা পাঁচটি হাফসেঞ্চুরি করলেও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিলো ভারতকে।
২০২১ সালের ডিসেম্বরে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে খেলেন কোহলি। সেবার ফাইনালে হারলেও টুর্নামেন্টে ৯৫.৬২ গড়ে রেকর্ড সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন তিনি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এবং ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানা গেছে।
//আইই//
