পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের উড়ন্ত সূচনা
সংগৃহীত ছবি
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করলো থাইল্যান্ড। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে এই জয় তুলে নিয়েছিলো তারা। থাইল্যান্ডের বড় জয়ের দিনে জোড়া গোল করেন তিরাসাক পোয়েইফিমাই।
ইন্দোনেশিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রেখে ৩১ মিনিটে প্রথম সাফল্য পায় তারা। তিরাসাক পোয়েইফিমাইয়ের গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক চেলসি একাডেমির ফুটবলার জ্যুড সুনসুপ-বেল। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় থাইল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও থাইল্যান্ডের গুছানো ফুটবলের সামনে পাকিস্তান তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ম্যাচের ৬৪ মিনিটে বড় ভুল করে বসেন ফুটবলার হারিস জেব। বল বিপদমুক্ত করতে গিয়ে তিনি নিজের জালে পাঠালে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি থাইল্যান্ডের হাতে চলে যায়।
ম্যাচের একদম শেষভাগে ৮৪ মিনিটে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিরাসাক। নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফুটবলার। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে শুরুতেই নিজেদের অবস্থান বেশ শক্ত করলো তারা।
//আইই//
