দেশে ফেরার পথে ব্যাংককে আটকে ২০ বাংলাদেশি অ্যাথলেট
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের লড়াই শেষে দেশে ফেরার পথে ব্যাংককের বিমানবন্দরে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছেন বাংলাদেশ টেবিল টেনিস দলের ৬ সদস্য। এর মধ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) তাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পুরুষ কাবাডি দলের আরও ১৪ সদস্য।
আটকে পড়াদের মধ্যে আছেন বাংলাদেশ দলের কোচ মোহসিনুল আলম ঝিনু, দুই পুরুষ ও তিন নারী টেবিল টেনিস খেলোয়াড় এবং কাবাডি দলের ১৪ সদস্য।
টেবিল টেনিস দলের যাত্রা শুরু হয়েছিলো শনিবার সকালে। ঘূর্ণিঝড়ের কারণে জাপান থেকে ব্যাংককের নির্ধারিত ফ্লাইট প্রায় ১২ ঘণ্টা দেরিতে ছাড়ে। ফলে ব্যাংককে পৌঁছানোর পর তাদের নির্ধারিত ঢাকার ফ্লাইটটি আর ধরা সম্ভব হয়নি। এরপর একের পর এক নতুন উড্ডয়নসূচি দেওয়া হলেও সময় পেরিয়ে গেছে, বিমান আর আকাশে ওড়েনি।
ব্যাংককের এই দুর্ভোগের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪৮ ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর শনিবার ব্যাংককের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হলে কর্তৃপক্ষ পুরো রাজধানীজুড়ে বন্যা দুর্যোগ ঘোষণা করে। এতে বাড়িঘর, দোকানপাট ও সড়ক পানিতে তলিয়ে যায়; কোথাও কোথাও মানুষকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়েছে।
থাই এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বন্যার কারণে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মীদের কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে। ফলে প্রয়োজনীয় জনবল দিয়ে বিমানবন্দরের কার্যক্রম চালানো যাচ্ছে না। পাশাপাশি বিমানসংস্থাটির কিছু লাগেজ পরিবহনের গাড়িতেও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে উড্ডয়নকারী কিছু ফ্লাইটে বিলম্ব এবং অবতরণকারী যাত্রীদের লাগেজ পেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।
// ইমরান//
